নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:০৪:৩৮
ডাউন সিনড্রোম সোসাইটির উদ্যোগে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন সোসাইটির চেয়ারম্যান সরদার এ রাজ্জাক। অনুষ্ঠানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সরদার এ নাঈম, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসাল্টেন্ট প্রফেসর ডাঃ এম. এ. বাকি, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী, সুইড বাংলাদেশ এর মহাসচিব মাহবুবুল মুনির, তরি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশফাক উল কবির, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করীম সিদ্দিকী, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রজেক্ট ম্যানেজার বশির আল হোসাইন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্বাহী পরিচালক মুরাদ হোসেন খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর ডাঃ কাজী খলিলুর রহমান, টিম গ্রুপ বিডি’র উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল নাকিব, জ্যেষ্ঠ ব্যবস্থাপক অমিতাভ বড়ুয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি করার প্রতি জোর দেন বক্তারা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঢাকার আটটি বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়ের শতাধিক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ড্যান্স সেলিব্রিটি গ্রুপ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা মোঃ শাহদাত হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির প্রোগ্রাম অফিসার ও সেলফ অ্যাডভোকেসি লিড আহমাদ ইবনে সালেহ।