কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ রাত ০৬:০৪:৫১
কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে আমবাগ পশ্চিম পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।
নিহত ফারিয়া আক্তার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া বাটিপাড়া এলাকার নাহীদ হাসানের স্ত্রী। তারা কোনাবাড়ীর আমবাগ পশ্চিম পাড়া হানিওয়েল গার্মেন্টস সংলগ্ন উল্লাসের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের সময় জীবিকার তাগিদে ময়মনসিংহ থেকে কোনাবাড়ীতে আসেন এই দম্পতি। তারা উভয়েই স্থানীয়,আমবাগ এইচ এন আর ক্লোথিং অ্যান্ড প্রিন্টিং নামের একটি মিনি গার্মেন্টসে চাকরি করতেন। মঙ্গলবার সকালে ফারিয়া অসুস্থ বোধ করায় কারখানায় যাননি। তার স্বামী নাহীদ হাসান সকালে একাই কর্মস্থলে চলে যান এবং ফারিয়া ঘরেই শুয়ে ছিলেন।
সকাল ১১টার দিকে ফারিয়ার ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে পাশের বাসার একজন তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে পুলিশ ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ফারিয়ার নিথর দেহ দেখতে পায়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ওই
গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।